দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটে পৃথক অভিযানে ১১টি চোরাই গরু এবং গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চোরাই গরু চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
পুলিশ সুপার জানান, ফকিরহাট থানায় দায়ের হওয়া একটি গরু চুরির মামলার তদন্তের ধারাবাহিকতায় গত ১৬ জুলাই ফকিরহাট উপজেলার শ্যামবাঘাত এলাকার ইমরান শেখ (৪০) এবং রামপাল উপজেলার সোলাকড়া দক্ষিণপাড়া এলাকার নাহিদ শেখকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতের অনুমতি নিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা গুরুত্বপূর্ণ তথ্য দেয়।
সেই তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত প্রায় ৩টা ৪০ মিনিটে ডিবির একটি দল অভিযান চালায়। প্রথমে ফকিরহাট উপজেলার শিউলি ফিলিং স্টেশন এলাকা থেকে চোরাই গরু বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। পরে খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা গ্রামের মো. আরিফ মোল্লা (৩৮) এর বাড়িতে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ১১টি ছোট-বড় গরু উদ্ধার করা হয়। এ সময় আরিফ মোল্লাকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া গরুগুলো চুরি করা বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ইমরান শেখের বিরুদ্ধে হত্যা, চোরাই মাল গ্রহণ, বিশেষ ক্ষমতা আইন ও মারামারিসহ ছয়টি নিয়মিত মামলা এবং একটি সাধারণ ডায়েরি রয়েছে। নাহিদ শেখের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চোরাই মাল গ্রহণ ও চুরির অভিযোগে তিনটি মামলা রয়েছে। অন্যদিকে আরিফ মোল্লার বিরুদ্ধে চোরাই মাল গ্রহণ ও মারামারির অভিযোগে দুটি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, চোরাই গরু পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কেএম